|
ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা বলেছেন, বিগত চারদলীয় জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর নতুন করে কোন বিদ্যুৎ উৎপাদন না করায় বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ৫শ’ মেগাওয়াটে নেমে এসেছিল।
তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত জাতীয় গ্রিডে নতুন করে ৩ হাজার ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করেছে। মন্ত্রী আরও বলেন, সরকার সারাদেশে ১ কোটি ৫০ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করে গ্রাহকদের বিদ্যুৎ সেবা প্রদান করছে।
তিনি আজ জেলার সদর উপজেলার ঘোড়াধপ ইউনিয়নের বড় গোজীয়াপাড়া গ্রামের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধনকালে এ কথা বলেন।
ঘোড়াধপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল্লাহ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার।
নুতন ৩ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সংযোগ স্থাপন করায় সাড়ে তিন শ’ গ্রাহক বিদ্যুৎ সেবা পাবেন।
|